বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের জানান, বেকার যুবক-যুবতীদের দ্রুত বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশি ও বিদেশি প্রশিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজেই বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন।
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, প্রবাসে যেতে গিয়ে যেন কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ
যাত্রীসেবার মান উন্নয়নে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের আদলে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঢাকা-১৭ আসনে ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার শুরু শনিবার
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত মন্দিরটির সংস্কারকাজ আগামী শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় শুরু হবে।
এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকার কথা রয়েছে।